বিনোদন ডেস্ক : দেশের প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট। স্বাস্থ্যবিধি মেনে দলটি আয়োজন করতে যাচ্ছে উঠান নাটকের মেলা। ‘মহলা মগন’ নামে এই মেলা শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর। নগরীর কাঁটাবনে প্রাচ্যনাটের মহড়া কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলায় প্রদর্শিত হবে ‘দ্য জু স্টোরি’। এডওয়ার্ড অ্যালবীর লেখা থেকে নাটকটি বাংলায় অনুবাদ করেছেন আশফাকুল আশেকীন। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
‘দ্য ডাম্ব ওয়েটার’ প্রদর্শিত হবে ১১ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। হ্যারল্ড পিন্টারের রচনা থেকে এটি অনুবাদ করেছেন রবিউল আলম। নির্দেশনায় রয়েছেন মো. শওকত হোসেন সজিব।
১৮ ও ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘হানড্রেড বাই হানড্রেড’ নাটকটি। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল।
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে ‘কর্নেল কে কেউ চিঠি লেখে না’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এটি প্রদর্শিত হবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়।
আগামী ২ ও ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় ‘ফাউস্ট অথবা অন্য কেউ’ নাটকটি প্রদর্শিত হবে। গ্যোটের শ্রুতিনাট্য ‘ফাউস্ট’ অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। তত্ত্বাবধানে রয়েছেন তানজি কুন।
প্রাচ্যনাট জানিয়েছে, প্রতি প্রদর্শনীতে মোট ২০জন দর্শক নাটক উপভোগ করার সুযোগ পাবেন। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

