বগুড়া প্রতিনিধি : বগুড়ার রাজাবাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও মজুদ রাখার দায়ে ব্যবসায়ী নুর ইসলাম এর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের দাবি এসব নিষিদ্ধ পলিথিন পরিবেশের ভারসাম্য চরম ভাবে নষ্ট করে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এবং নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ব্যবসায়ী নুর ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজার সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজা বাজারের ব্যবসায়ী নুর ইসলামের টিনপট্রি বাইতুর নুর মসজিদের নিচে গোডাউনে দীর্ঘদিন যাবত নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করছিলেন এমন সংবাদ পেয়ে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। নুর ইসলাম প্রথমে এটা তার গোডাউন নয় বলে অস্বীকার করে আসছিলেন। কিন্তু উপস্থিত সাক্ষীগণের কারণে তিনি স্বীকার করেন এ গোডাউন তার। যেখানে মজুদ ছিল প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন। আর এই নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ব্যবসায়ী নুর ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত ও জেলা পরিবেশ রক্ষা কর্মকর্তারা উক্ত গোডাউন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করে নেয়।

