ঢাকাMonday , 24 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমার দারুণ খেলেছে, কিন্তু একাই তো সব করতে পারবে না

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করতে না পারার মাশুল গুনেছেন নেইমার, এমবাপেরা।
ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন নেইমার ও এমবাপে। কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছেন নয়্যারকে হার মানাতে। যে কারণে কাঙ্ক্ষিত গোলটি পায়নি পিএসজি এবং ম্যাচ হেরেছে ০-১ ব্যবধানে। তবে দলের কোচ থমাস টুখেল ঠিকই ঢাল হয়ে দাঁড়িয়েছেন নিজের দুই শিষ্যের সামনে।
নেইমার ও এমবাপেকে কেনার জন্য প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে হয়েছে পিএসজিকে। কিন্তু তারা দুজন মিলে ২৩টি শট নিয়েও ফাইনাল ম্যাচে কোনো গোল করতে পারেননি। এমবাপের গোল মিসের মহড়া ছিল খুবই দৃষ্টিকটু। তবু তাদের দোষারোপ করতে রাজি নন টুখেল।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘নেইমার দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলেছে। সে সবকিছু করতে পারবে না। জুলাইয়ে গুরুতর ইনজুরির পরেও এমবাপে যে আমাদের সঙ্গে ছিলো এটাই তো একটা অলৌকিক বিষয়।’
টুখেলের মতে ফাইনালের ফলাফল যেকোনো পক্ষে যেতে পারত, ‘লড়াইটা দারুণ ছিল। আমরা আমাদের সবকিছু ঢেলে দিয়েছি। মাঠে নিজেদের সর্বোচ্চ দিয়েছি। কিন্তু ফলাফলের ওপর তো আপনার হাত নেই।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছিল, প্রথম গোলটাই ফাইনালের ফল ঠিক করে দেবে। আমি হতাশ, তবে খুব বেশি নই। আমরা খুব কাছে ছিলাম। আমাদের জেতার জন্য শুধু প্রথম গোলটা দরকার ছিল। যদি সেটি পেয়ে যেতাম, তাহলে একই স্কোরলাইনে ম্যাচটি জিততে পারতাম।’