স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমের শুরুতে সাফল্য পাওয়ার জন্য ক্লাবে বেশ বড়সড় রদবদলের ডাক দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেফ বার্তোমেউ। আর সেখানে তিনি জানিয়েছেন, নতুন মৌসুমের জন্য মাত্র পুরোনো দলের মেসিসহ মাত্র সাতজনকে রেখে বাকিদের ছেড়ে দিতে চান তিনি। আর সে তালিকায় নেই লুইস সুয়ারেজের নাম। ফলে ক্লাব ছাড়ার সংশয় রয়েছে এই উরুগুইয়ানের।
তবে সুয়ারেজ জানিয়েছেন, ক্লাব ছাড়তে রাজি নন তিনি। প্রয়োজনে সামনের মৌসুম কাতালান ক্লাবের বেঞ্চে বসে কাটিয়ে দিতে রাজি তিনি। নতুন কোচ রোনাল্ড কোম্যান চাইলে, বদলি হিসেবে খেলতেও রাজি এই উরুগুইয়ান।
স্প্যানিশ পত্রিকা এল পাইসের সঙ্গে সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সুয়ারেজ। তার ভাষ্যে, ‘সভাপতি কিছু নাম বলেছেন, সেগুলো নিয়ে কথা হচ্ছে। এছাড়া ক্লাবে কিছু পরিবর্তনেরও কথা হচ্ছে। তবে আমাকে ক্লাব ছাড়ার কথা এখনো কেউ বলেনি।’
ক্লাবে থাকতে চান জানিয়ে সুয়ারেজ আরও যোগ করেন, ‘যদি আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে দায়িত্বশীল ব্যক্তিরা সেটা আমাকে জানিয়ে দিলে ভালো হবে। এভাবে নাম প্রকাশ না করে ওইভাবে কাজটা করলে ভালো হয়। তবে আমি দলের ভালো চাই এবং আমি ক্লাবেই থাকতে চাই।’
কাতালান সমর্থকদের অফুরান সমর্থন তাকে খেলা চালিয়ে যাওয়ার জন্য শক্তি জুগিয়েছে জানিয়ে সুয়ারেজ আরও যোগ করেন, ‘যতদিন তারা আমার ওপর আস্থা রাখবে, ততদিন আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব। এখানে আসার পর থেকে সমর্থকদের সমর্থন পেয়েছি, যা আমাকে খেলা চালিয়ে যেতে অনেক শক্তি জোগায়।’
বার্সেলোনার হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করা এই স্ট্রাইকার এরপরে জানান, প্রয়োজনে বেঞ্চে বসে কাটাবেন সামনের মৌসুম। তার ভাষ্যে, ‘আমার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বেঞ্চে বসে থাকার বিষয়টিকে মেনে নিয়েছি। আমি মনে করি, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। তবে আগামী মৌসুমে বেঞ্চে বসে থাকতে হলেও আমার কোনো সমস্যা নেই।’
নতুন কোচ চাইলে বদলি হিসেবে খেলতেও রাজি জানিয়ে সুয়ারেজ আরও যোগ করেন, ‘দলে জায়গার জন্য সুস্থ লড়াই থাকাটা জরুরী, যদিও নতুন কোচ রোনাল্ড কোম্যান মনে করেন আমার বদলি হিসেবে খেলা উচিৎ, আমার তাতেও কোনো সমস্যা নেই।’

