বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সোনু সুদ। রুপালি পর্দায় তাকে খল চরিত্রে দেখা গেলেও কারোনা মহামারির এই সময়ে তিনি হয়ে উঠেছেন সবার হিরো। কিন্তু অনেকেই তার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে। সম্প্রতি এমন এক ব্যক্তিকে সতর্ক করেছেন সোনু।
সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেন সোনু। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন তার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে সতর্ক করে সোনু লিখেছেন, ‘সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য আপনি খুব শিগগির গ্রেপ্তার হবেন। তাই, যত দ্রুত সম্ভব প্রতারণা করা বন্ধ করুন।’ পাশাপাশি তার নাম ব্যবহার করে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট প্রকাশ করেন তিনি।
করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলাকালীন খেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের মুম্বাই থেকে নিজ নিজ বাড়িতে ফিরতে সাহায্য করেছেন সোনু। শুধু তাই নয়, দুস্থদের খাবার দিয়েছেন। অসহায় বেকার হয়ে পড়া শ্রমিকদের কাজের ব্যবস্থা করছেন তিনি।
গত বৃহস্পতিবার সোনু সুদ এক টু্ইটে লেখেন, ‘১১৩৭টি ই-মেইল, ১৯ হাজার ফেসবুক মেসেজ, ৪ হাজার ৮১২ ইনস্টাগ্রাম মেসেজ। এটি আজকে সাহায্য চেয়ে পাঠানো মেসেজের সংখ্যা। প্রতিদিন গড়ে সাহায্যের জন্য এই সংখ্যক মেসেজ পাই। সবাইকে সাহায্য করা একজন মানুষের পক্ষে অসম্ভব। তবে আমার সাধ্যমতো চেষ্টা করছি। যদি আপনার মেসেজ বাদ পড়ে যায় তাহলে ক্ষমা চাচ্ছি।’

