কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহর থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্বরের ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি এস এম শাহজাহান কবীর।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি একটি বন্দুক ও দুটি গুলি।
মাদক চোরাচালানিদের মধ্যে বিরোধের জের ধরে গুলি-পাল্টা গুলির মধ্যে পড়ে ওই যুবক গুলিবিদ্ধ হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

