সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সংবাদপত্র পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসে ওঠার চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার দিনগত গভীর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল থেকে তাদের আটক করা হয়।
মাইক্রোবাসের চালক বেলায়েত হোসেন জানান, কাজলা পরিবহনের ব্যানারে তিনি রাজধানী থেকে দেশের বিভিন্নস্থানে মাইক্রোবাসে সংবাদপত্র পৌঁছে দেন। প্রতিদিনের মতো রোববার রাতেও পত্রিকা নিয়ে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছলে পাঁচ ব্যক্তি তাদের বগুড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন। এ সময় কাজলা পরিবহনের বাইপাইল কাউন্টারের স্টাফরা ওই পাঁচজনের কাছে লুকানো রাম দা ও ছুরি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তিনজনকে আটক করলেও দুইজন পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, আটকেরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

