ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রক্তের স্বাদ নিতে নিতে খালেদাকে টার্গেট

Link Copied!

rizviনিজস্ব প্রতিবেদক : সরকারের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশব্যাপী ২০ দলীয় জোটের আন্দোলনে নেতাকর্মীদের অমানবিক নিষ্ঠুর নির্যাতন করা, ঢালাও মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেপ্তার ও বন্দুকযুদ্ধের নামে হত্যা করে রক্তের স্বাদ নিতে নিতে এখন আপনারা জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছেন। এটি আপনাদের শেষ মরণছোবল।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব বলেছেন রিজভী।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দরকার ক্ষমতা, সেজন্য ক্ষমতা আঁকড়ে রাখতে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সেজন্য রাজনৈতিক দৃশ্যপট থেকে তাকে সরিয়ে দেয়ার জন্য ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে।’
সংসদে প্রধানমন্ত্রীরে দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে বলেছেন, দেশব্যাপী নাশকতার জন্য নাকি বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার আসামি করা যৌক্তিক হবে। প্রধানমন্ত্রীর সবসময় একটাই যুক্তি, সেটি হলো বিরোধী দলশুন্য দেশ। একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। তিনি তো জনগণের, দেশ-বিদেশের বিশিষ্টজনদের, সুশীল সমাজ কারো যুক্তিই মানেন না। তার ক্ষমতাক্ষুধা এতো তীব্র যে, তিনি জনগণের মনের ভাষা বুঝতে অক্ষম। কারণ তিনি মনে করেন, দেশের মালিক তো তিনি নিজেই- জনগণ নয়।’
রিজভীর অভিযোগ, ‘ভোটারবিহীন একটি সরকারের প্রধানমন্ত্রী হয়ে উচ্ছিষ্টভোগী লোকদের নিয়ে দুঃশাসন চালানোর অকাট্য যুক্তিটাই তিনি বিশ্বাস করেন। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বব্যাপী স্বীকৃত যুক্তিটা তিনি বা তার দল কখনোই গ্রহণ করতে পারেনি। সেজন্যই বারবার বাকশালের পুনরাবৃত্তি।’
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, মহাদুর্যোগ ঘনিয়ে তুলবার চেষ্টা করবেন না, দেশের আন্দোলনরত সকল গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবে।’
আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধিক্কার জানিয়ে রিজভী বলেন, ‘আপনারা এখন রাষ্ট্রের সংস্থা নন, সরকার আপনাদের আওয়ামী আইন প্রয়োগকারী সংস্থা বানিয়ে ছেড়েছে। আপনাদের দিয়ে তারা বিরোধী দলের কর্মীদের রক্তে সারাদেশ ভিজিয়ে তুলেছে। আপনারা শতকরা ৫ ভাগের জনসমর্থিত সরকারের নির্দেশ মানছেন। আপনাদের দিয়ে বিরোধী দলের ওপর যে অমানবিক নারকীয় আক্রমণ করানো হচ্ছে তাতে জনগণের কাছে আপনারা পরিণত হয়েছেন ভয়াল আতঙ্কের প্রতীক হিসেবে। আপনারা যদি বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-পীড়ণ বন্ধ না করেন তাহলে আপনাদের পরিণতি সুখকর হবে না।’
বিএনপি নেতা ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ এবং নারায়ণগঞ্জ সিটি বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ আটক নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন তিনি।