নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান সঙ্কট সমাধানের জন্য ক্ষমতাসীনদের ২০ দলীয় জোটের সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘সঙ্কট উত্তরণের একটি মাত্র পথ আছে । আর তাহলো সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করা।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহবুব বলেন, ‘যেকোন মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারের একগুয়েমি মনোভাব দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এরজন্য একসময় সরকারকে চরম মূল্য দিতে হতে পারে।’
বেগম জিয়ার ডাকে জনগণ জানমাল বিপন্ন করে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে দাবি করে খন্দকার মাহবুব আরো বলেন, ‘এই আন্দোলনের ফলে রাজধানী ঢাকা সারাদেশ থেকে বিছিন্ন হয়ে গেছে। গণমানুষের এই আন্দোলন দমনে সরকারপ্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের জনবিচ্ছিন্ন নেতারা প্রতিনিয়ত হুঙ্কার দিচ্ছেন।’
জনগণের অর্থে চালিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য অবৈধভাবে তাদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী নেতা।
আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম সংবাদ সম্মেলন পরিচালনা করেন।

