ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইনশৃঙ্খলা বাহিনী

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাশকতার দায় এড়াতে পারেন না। নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীই সিদ্ধান্ত নেবে।’
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের নির্দেশে সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে হত্যা করে কর্মসূচি সফল করার চেষ্টা করে যাচ্ছে। বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।’
তিনি বলেন, ‘পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা, গাড়ি বা সরকারি সম্পত্তি ধ্বংস করা এটি সভ্য দেশের রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয় না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করা হবে।’
হানিফ বলেন, ‘এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা যারা করছে তাদের ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। অনেককেই সনাক্ত করে তালিকা করা হয়েছে, ধরার চেষ্টাও করা হচ্ছে।’
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত করতে রূপকল্প-২০২১ বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছিলেন তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে। আগামী ২০২১ সালের আগেই আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। ডিজিটাল এই তথ্য প্রযুক্তির কল্যাণের ফলে বর্তমানে দেশের ১১ কোটি মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে এবং তিন কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে। আগামী দুই বছরে পাঁচ কোটি যুবক-যুবতী প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করবে এই তথ্যপ্রযুক্তি মাধ্যমে।’
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।