নিজস্ব প্রতিবেদক : প্রতিটি ঘটনার জন্য বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা খালেদা জিয়াই দায়ী বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-অবরোধের প্রতিবাদে সমাবেশে তিনি এ দাবি করেন।
কামরুল বলেন, ‘লন্ডন থেকে আইএস জঙ্গি কানেকশনের নির্দেশে হরতাল-অবরোধের নামে বর্বরতা চলছে। এ বর্বরতা দমনে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মানুষ হত্যা করে দাবি আদায়ের যে সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে আমরা তা করতে দেবো না।’
গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তামাশা করতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়েছিলেন এমন দাবি করেন সরকারের এই মন্ত্রী।
তিনি বলেন, ‘এভাবে যারা তামাশা করতে বার্ন ইউনিটে যাবেন তাদের শায়েস্তা করতে হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা সংলাপের মাধ্যমে আলোচনা সমাধান হতে পারে। কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে না।’
তিনি বলেন, ‘পত্রপত্রিকা ও পুলিশের তদন্ত অনুযারী ছাত্রদলের সন্ত্রাসী কর্মী মৎস্য ভবনের সামনে পুলিশ ভ্যানে বোমা মেরেছে। সেই গতকাল পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মারা গেছে। তার জন্য ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে। সন্ত্রাসীদের বিচার বাধাগ্রস্ত করতে এ ধরনের অবৈধ হরতাল মেনে নেয়া যায় না।’
এদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কামরুল।
সংগঠনের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন দূযোর্গ ব্যবস্থাপনামন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওলাদ হোসেন প্রমুখ।

