নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান বলেন, কত শতাংশ ভেট পড়লে নির্বাচন বৈধ হবে এজন্য দেশে কোনো আইন নেই। সিটি করপোরেশনের ভোট বাতিলের দাবি জানালে তারা (নির্বাচন কমিশন) হাইকোর্ট দেখাবেন। তবে এ নির্বাচনে যদি দুই পার্সেন্ট ভোটও পড়ত, তাহলে আওয়ামী লীগের প্রার্থী জিতত।
তিনি বলেন, ‘সরকার একে একে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। সিটি করপোরেশন নির্বাচনে যে এত কম ভোট পড়ল, এর কারণ কী? ভোটররা আমাদের প্রার্থীদের জানিয়েছেন, ভোট দিয়ে লাভ কি? ফলাফল তো আসে না।’

