নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার এক বিবৃতিতে তিনি এ ফল বাতিল করে নতুন করে সিটি নির্বাচন দেয়ারও দাবি জানান।
বিবৃতিতে চরমোনাই পীর অভিযোগ করেন, ‘এটিও নীল নকশার নির্বাচন হয়েছে। ভোটারদের ভোট দিতে দেয়া হয়নি। নির্বাচনে এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। ভোটদানে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি এবং আগের রাতে এজেন্ট না দিতে হুমকি দেয়া হয়েছে।’
মুফতি রেজাউল করীম বলেন, সিটি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে এ দেশের সাধারণ জনগণের আর কোনও আগ্রহ অবশিষ্ট নেই। নির্বাচনের নামে এ ধরনের প্রহসনের কোনও মানে হয় না। প্রধানমন্ত্রী গণভবন থেকে তাদের পছন্দের প্রার্থীদের নাম ঘোষণা করলে জনগণের এত অর্থ ব্যয় হতো না।

