নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
তিনি বলেন, ‘আপনারা (ইসি) নিরপেক্ষ ভূমিকা পালন করুন। যাতে ভোটরা ভয়-ভীতিমুক্ত হয়ে ভোট প্রয়োগ করতে পারে।’
মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরে এক পথসভায় এসব কথা বলেন তিনি ।
তাবিথ বলেন, ‘আমরা ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে। এই যদি হয় ইসির ভূমিকা তাহলে ঢাকায় নির্বাচনের যে উৎসব আছে তা বিলীন হয়ে যাবে।’
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

