নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা ও সিপিবির সমাবেশে বোমা হামলার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। এ সময় তথ্যসচিব কামরুন্নাহারসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ৩২ বছর পর চট্টগ্রামে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা মামলার রায় হয়েছে, এতে আমরা সন্তুষ্ট। কিন্তু আমি মনে করি, এই গণহত্যা চালানোর জন্য ঢাকা থেকে যারা নির্দেশ দিয়েছিল, তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন।
তিনি বলেন, ১৯ বছর আগে সিপিবির সমাবেশে হামলা করে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল সেটিরও যে বিচার হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করছি।
‘নেত্রী শেখ হাসিনার মিছিলের ওপর গুলি চালিয়ে মূলত তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছিল। একইভাবে সিপিবির ওপর হামলার ঘটনা দেশের গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ধ্বংস করে দেয়ার জন্যই হামলাগুলো পরিচালিত হয়েছিল। যারাই হামলা পরিচালিত করেছিল তাদের উত্তরসূরীরা কিন্তু এখনো সক্রিয়। এজন্য আমাদেরকে এখনো সতর্ক থাকতে হবে, বলেন হাছান মাহমুদ।

