নিজস্ব প্রতিবেদক : নতুন বছরে নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনকে আরো শক্তিশালী করতে চায় বিএনপি।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্প মাল্য অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবসময়ই নতুন বছরে নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনকে আমরা আরো শক্তিশালী করতে চাই।
ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা শ্রদ্ধা নিবেদন করতে যান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশি ছাত্রদলের ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য ও ছাত্র আন্দোলনকে সমুন্নত রেখে ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে।
খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে ছাত্রদলকে আহবান জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কাজ করবে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর। এই বছরটা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরপরও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

