নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে মাঠে নামবেন। নির্বাচনে নগরবাসীর সমর্থন চেয়ে তিনি বলেন, নির্বাচিত হলে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বদলে দেবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আগের মেয়র সাঈদ খোকনের পরিবর্তে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস।

