নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন নির্বাচন নিয়ে আমরা সিরিয়াস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার পরে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা সিটি নির্বাচনে সব দল অংশ নিচ্ছে তাই নির্বাচন নিয়ে সবাইকে সিরিয়াস থাকতে হবে। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। তারা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে। আমাদের বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। আশা করি ইভিএমে সুষ্ঠু ভোট হবে।
তিনি বলেন, বিএনপি বলছে প্রহসনমূলক ভোট, কিন্তু সেটি সত্য নয়। ভোট হবে সুষ্ঠু। ইভিএম নিয়ে একজন বললে তো হবে না।
আতিকুল ইসলাম বলেন, আমি এবং আমার দল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি। মাঝপথে ভোট থেকে যেন কোনো প্রার্থী সরে না যায় সেটিই আমরা আশা করি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যেনো কোনো কাউন্সিলর দুর্নীতি বা ক্যাসিনোর সঙ্গে যুক্ত না হয়, সেদিকে নজর থাকবে।
মেয়র পদের জন্য আতিকুলের প্রস্তাবকারী বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও একেএম রহমতুল্লাহ, সমর্থনকারী শায়লা শাগুফতা ইসলাম ও কাজী মো. সালাহ উদ্দিন।

