নিজস্ব প্রতিবেদক : হুসেইন মুহাম্মদ এরশাদের সহধর্মিনী বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবারো মহাসচিব নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গা।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন হলের বাইরে অনুষ্ঠিত কাউন্সিলে এ ঘোষণা দেয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম কাউন্সিলরদের সম্মতিতে আগামী তিন বছরের জন্য রওশন ও কাদের এর নাম ঘোষণা করেন। পরে গঠনতন্ত্র মোতাবেক কমিটির নতুন চেয়ারম্যান জিএম কাদের দলের মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা দেন।
এ সময় দলের নেতাকর্মীরা হাততালি ও শ্লোগান দিয়ে নতুন নেতৃত্বকে স্বাগত জানান। দলের নেতারা ফুল ছিটিয়ে মঞ্চেই নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন।
দলের কমিটির বাকী পদ পার্টির চেয়ারম্যান পরে ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে।

