নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয়ে বারবার নির্দেশনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হামিনা নির্ঘুম রাত কাটিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর যখন মানুষের লাশ পানিতে ভাসছে, সমস্ত চট্টগ্রামে লাশের গন্ধ, তখন নওয়াজ শরিফ আসায় বেগম খালেদা জিয়া দিনে সাতটি শাড়ি বদল করেছেন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বলেছে- ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের প্রস্তুতি নাকি যথেষ্ট নয়। অথচ ব্যাপক ও পর্যাপ্ত প্রস্তুতির ফলে আমাদের প্রাণ ও সম্পদ উভয়ই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি তাদের বলব, নিজের চেহারাটা আয়নায় দেখতে। কারণ, তাদের সময়ে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণহানি ও ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছিল। বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল শুধু অব্যবস্থাপনার কারণে।’
নূর হোসেনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। নূর হোসেনসহ সকল শহীদের রক্তে আমাদের গণতন্ত্র আজ সুপ্রতিষ্ঠিত। নব্বইয়ের ১০ নভেম্বরের সেই দিন শুধু নূর হোসেন নয়, টার্গেট ছিলেন শেখ হাসিনাও।’
এসময় ড. হাছান মাহমুদ সবাইকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান।
শহীদ নূর হোসেন দিবস উদযাপন কমিটির সভাপতি তছলিম আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল আমিন রুহুল এমপি, প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বক্তা হিসেবে শহীদ নূর হোসেনের বড় ভাই মোহাম্মদ আলী হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।


