নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে ঘিরে করণীয় নির্ধারণে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কয়েকদিন আগে আমরা প্রতিনিধি সম্মেলনে গিয়েছিলাম…। তারপরও পত্রপত্রিকা রাজশাহীর খারাপ খবরে ভরে গেল। এটি আমাদের জন্য দুঃখজনক। সম্মেলনকে সামনে রেখে সকল তিক্ততার অবসান ঘটবে বলে আমি আশা করি।’
তিনি বলেন, ‘কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু সেই প্রতিযোগিতা হবে সুস্থ। অসুস্থ প্রতিযোগিতা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমি এটা নেত্রীর পক্ষ থেকে পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিতে চাই।’
রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এই সম্মেলন আয়োজনে বিভিন্ন বিষয়ে আমাদের করণীয় কী, সে সম্পর্কে আলোচনা করেছি। সারা বাংলাদেশে আমাদের শাখা সংগঠনগুলো, জেলা-উপজেলা, থানা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো নতুনভাবে করা হচ্ছে। সেসব বিষয়ে আমাদের নেতৃবৃন্দ বিস্তারিত আলাপ-আলোচনা করেছেন।’


