নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, `নিষ্ঠার সঙ্গে তিনি দল মত নির্বিশেষে মানুষের জন্য সেবা করে গেছেন, এটাই ছিল তার আদর্শ। আমরা খোকার আদর্শ মেনে চলব।‘
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নগর ভবনে অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘অবিভক্ত ঢাকার শেষ নির্বাচিত মেয়র বীর মুক্তিযুদ্ধা সাদেক হোসেন খোকা আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে ঢাকাসহ সারা দেশবাসী শোক প্রকাশ করছে। তিনি তার জীবদ্দশায় এ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নগরবাসীর সেবা করে গেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিসংগ্রামে তিনি অসামান্য ভূমিকা রেখে গেছেন।’
তিনি বলেন, ‘আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।’
এসময় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এসময় মেয়র সাঈদ খোকনের সাথে সাদেক হোসেন খোকার দুই পুত্র ইশরাক হোসেন ও ইশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আবুল বাশার, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ডিএসসিসির বর্তমান কাউন্সিলর, সংস্থার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


