
নিজস্ব প্রতিবেদক : দলের জন্য নিস্বার্থভাবে কাজ করবে এমন সৎ এবং বঙ্গবন্ধু আদর্শে গড়া তৃনমূল থেকে নেতা চান কৃষক লীগের বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা।
বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ম সম্মেলনে যোগ দিতে আসা তৃনমূলের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা এমন কথা জানান।
গাজীপুর জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মোল্লা বলেন, ‘অনেক বছর পরে আজ আমাদের কৃষক লীগের সম্মেলন হচ্ছে। দেশের সকল স্থান থেকে আমাদের মতো কর্মীরা আসছেন দেখে খুব ভালো লাগছে। এভাবে যদি নিয়মিত সম্মেলন হতো তাহলে নেতা কর্মীদের মধ্যে আরো উচ্ছাস, আগ্রহ বেড়ে যেত।’
কী রকম নেতৃত্ব চান এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যারা কর্মীরা আছি তারা সবাই চায় তৃনমূল থেকে এবার নেতা হোক। কৃষক লীগ মানেই হচ্ছে কৃষকদের স্বার্থে কাজ করবে। কৃষকদের দুঃখে কাছে এগিয়ে যাবে এমন কাউকে। মূলত যারা কৃষক তাদের মধ্যে থেকে নেতা হলেই ভালো হবে। এছাড়া বঙ্গবন্ধুর হাতে গড়া এই কৃষক লীগ। তাই যেই নেতা হোক তাকে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে এবং সৎ হতে হবে। সব সময় আমরা যেন তাকে পাশে পাই এমন নেতাই আমরা চাই।’
নাজিমুদ্দিন মোল্লার মতো প্রায় সকল কর্মীদের একই দাবি। তাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে চাওয়া যেন একজন ভালো মনের মানুষকে নেতা বানানো হয়।

