টাঙ্গাইল প্রতিনিধি : পহেলা বৈশাখ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল দুই বন্ধু সাত্তার ও সেলিম। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে তারা।
রোববার দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার আদাবাড়ী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার (১৭) কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকার মোকলেসুর রহমান ও সেলিম (১৮) একই এলাকার দুলালের ছেলে। সাত্তার একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও সেলিম এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে সাত্তার ও সেলিম কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে যাচ্ছিল। পথে আদাবাড়ী এলাকার যদুরপাড়া মোড়ে তাদের মোটরসাইকেল দ্রুতগতিতে মোড় ঘুরতে গিয়ে পিছলে দ্রুতগামী ইট বোঝাই ট্রাকের নিচে যায়। এতে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

