খুলনা প্রতিনিধি : খুলনায় পাটকল শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘটের শেষ দিন বৃহস্পতিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
এতে ট্রাফিক ইন্সপেক্টর ও অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় শ্রমিকরা একটি পুলিশ বক্স ভাংচুর করে।
আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়. বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে সড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সকাল ১০টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের ইটের আঘাতে ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘প্রতিদিনের মতোই পুলিশ সদস্যরা শ্রমিকদের কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পাবলা পুলিশ বক্সে পুলিশ সদস্যরা আশ্রয় নিলে শ্রমিকরা সেখানেও ভাংচুর করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এলে সেটিও ভাংচুর করে শ্রমিকরা। এসময় পুলিশ বক্সে থাকা একটি মোটর সাইকেলও ভাংচুর করা হয়।’

