কুষ্টিয়া সংবাদদাতা : ভেড়ামারায় গোয়াল ঘরের আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বাড়ির গৃহকর্ত্রী।
এ ছাড়া গোয়াল ঘরে থাকা তিনটি গরু, রান্নাঘর ও বসতঘরও পুড়ে ছাই হয়ে গেছে।
ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে আনছের আলীর গরুর ঘরে মঙ্গলবার মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় গোয়াল ঘরের গরুকে বাঁচাতে গিয়ে গৃহকর্ত্রী আনছের আলীর স্ত্রী সালেহা খাতুন (৬৩) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জানা যায়, এলাকাবাসি ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ছাই হয়ে যায় রান্নাঘর ও বসতঘর। দগ্ধ হয়ে মারা যান গৃহকর্ত্রী। পুড়ে মারা যায় তিনটি গরু।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ জানান, গরুর গোয়ালের সাজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

