নিজস্ব প্রতিবদেক : বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ডায়াবেটিস আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখনই তা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
রোববার রাজধানীর ফরিদাবাদে ডায়াবেটিস সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে গিয়ে ‘এসো সচেতন হই’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাজহারুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর অলিগলিতে স্কুল থেকে শুরু করে কলেজ গড়ে উঠলেও খেলার মাঠ করা হচ্ছে না। আগে যেসব জায়গায় খেলার মাঠ ছিল তা দখল করে মার্কেট, শপিংমল ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিশুদের খেলার জায়গা নেই। এ কারণে তারা মোবাইল, ল্যাপটপ নিয়ে সারা দিন ঘরের মধ্যে থাকে। ফাস্টফুড, কোমল পানীয় থেকে শুরু করে অ্যালকোহল, ধূমপান করার কারণেও মানুষ যেসব রোগে আক্রান্ত হচ্ছে, সেগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। তাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরো বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনের ধরন সবার আগে পরিবর্তন করতে হবে। শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। ডায়াবেটিস আক্রান্তের খবর প্রথমে জানার পর ব্যক্তি আতঙ্কিত হয়। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
মাজহারুল ইসলাম বলেন, ডায়াবেটিস নিয়ে আমাদের অজ্ঞতা ডায়াবেটিস রোগীর জন্য বোঝাস্বরুপ। একমাত্র সচেতনতার মাধ্যমেই এই কুসংস্কার দূর করা সম্ভব।

