চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন মোহাম্মদ সাজ্জাদ (২৪) নামে এক তরুণ আইনজীবী।
শুক্রবার রাতে এক বন্ধুর বিয়ে খেয়ে বাসায় ফেরার পথে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় দুর্ঘটনায় পড়েন সাজ্জাদ। তিনি চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট আল ফালাহ গলির বাসিন্দা ও নাছিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসাইনের ছেলে।
তিনি আইন পেশা ছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বন্ধুর বাড়িতে বিয়ে খেয়ে অন্য বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে রাউজান থেকে নিজ বাসায় ফিরছিলেন সাজ্জাদ। ফেরার সময় রাত সাড়ে ৮টার দিকে মদুনাঘাট এলাকায় তার মোটরসাইকেলটি একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত সাজ্জাদকে সাথে থাকা অন্য বন্ধুরা উদ্ধার করে চমেক হাসাতালে নিয়ে আসেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাজ্জাদ মারা যান।
আজ শনিবার দুপুর ২টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাজ্জাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

