গাজীপুর প্রতিনিধি : নগরীতে মশার কয়েল থেকে আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার আব্দুল জলিলের বাড়িতে শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গৃহকর্তা আব্দুল জলিল (৪৫), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৩), মেয়ে জিয়াসমিন (২০) ও মেয়েজামাই আবুল হাসান (২৩)।
গৃহকর্তা আব্দুল জলিল জানান, শুক্রবার রাতে বাড়ির এক কক্ষে ছেলে, মেয়ে, মেয়ের জামাই এবং অন্য কক্ষে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে মেয়ে জিয়াসমিন মশার কয়েল জ্বালানোর সময় আগুন লেগে মূহুর্তেই তাদের ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় তারা চিৎকার শুরু করে এবং পাশের দেয়াল ভেঙ্গে বাড়ি সংলগ্ন একটি ডোবার পানিতে পড়ে যায়। এ সময় তিনিও তাদের উদ্ধার করতে ওই কক্ষে গিয়ে পায়ে দগ্ধ হন।
পরে স্থানীয়রা দগ্ধদের প্রথমে তায়রুন্নেছা মেমোরিয়াল (কেপিজে) মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে শনিবার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
জিএমপি কামিশপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, মাশার কয়েল থেকে সৃষ্ট আগুনে ওই রুমে থাকা টিভি বিস্ফোরিত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পরে।
এতে চার জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে জিয়াসমিনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

