লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদনান উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী রিংকু, সিএনজির যাত্রী আনজুমান ও আবুল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল করে বাজারে যাচ্ছিলেন আদনান ও রিংকু। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আদনানসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

