নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হচ্ছেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ফুলেল ডেইল এলাকার ওমর ফারুকের স্ত্রী ছমিরা আক্তার (২৭) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউপির সোনাপুর এলাকার মৃত আব্দুর রবের ছেলে মোহন (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে শরীফপুরের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ছমিরা ও মোহনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

