কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায় রাস্তার পাশ থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত এই পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৫৫) । তার বাড়ি বগুড়া আদমদীঘি বাড় আখিরা গ্রামে। তিনি ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতরাতে নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামে রাস্তার পাশের জমিতে মোটর সাইকেলসহ ঐ পুলিশ সদস্যকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গতকাল রাত ৯টার দিকে থানার ডিউটিও করেন তিনি। পরে ব্যাক্তিগত কাজে মোটর সাইকেল চালিয়ে পুর্ব ফুলমতি গ্রামে যাওয়ার পথে চলন্ত গাড়ীতেই সে হার্ট অ্যাটাক করে রাস্তার পাশে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। সে হার্টের রোগী ছিল।

