খুলনা প্রতিনিধি : খুলনায় মাথা-হাত-পা বিচ্ছিন্ন করা লাশের পরিচয় পাওয়া গেছে। পুলিশ শুক্রবার দুপুরে তার পরিচয় উদ্ধার করতে সক্ষম হয়।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে তার পরিবারের পক্ষ থেকে লাশ সনাক্ত করা হয়েছে। খুন হওয়া যুবকের নাম হাবিবুর রহমান (২৬)। তার বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার উমরা পাড়ায়। বাবার নাম আব্দুল হামিদ। তিনি ইট ভাটায় শ্রমিক দেওয়ার ঠিকাদার সরদার হিসেবে কাজ করতেন। গত ৫ মার্চ তিনি খুলনায় আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ প্রযুক্তি ব্যবহার করে খণ্ডিত আকারে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে মামলা নেওয়া হবে। এ ছাড়া বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত শাখা (সিআইডি), খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
কারা এবং কী কারণে হাবিবুর রহমানকে খুন করে এভাবে লাশ খণ্ড খণ্ড করেছে- সেই বিষয়টি রহস্যাবৃত। নিহতের স্বজন রেজাউল ইসলাম জানিয়েছেন, জমিজমা নিয়ে একটি গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে ড্রেনের পাশ থেকে পলিথিন মোড়ানো অজ্ঞাত যুবকের মৃতদেহের বড় অংশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ফারাজিপাড়াস্থ সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন থেকে দুটি ব্যাগে থাকা ওই লাশের মাথাসহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়।

