নিজস্ব প্রতিবেদক : গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিকে আইনে পরিণত করার দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় চাই নীতি বাস্তবায়ন ও আইন প্রণয়ন’-এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত গৃহশ্রমিক সমাবেশ ও র্যালি কর্মসূচিতে তারা এ দাবি জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় গৃহশ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূইয়া এমপি, জাতীয় গাহর্স্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন, ইন্ড্রাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন, আইবিসি ঢাকা মিরপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী আমিরুল হক আমিন, নারায়ণগঞ্জ কমিটির সমন্বয়কারী হেদায়েতুল ইসলামসহ ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের নেটওয়ার্কভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের নেতা এবং বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক গৃহশ্রমিক এতে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ‘গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়নের মাধ্যমে গৃহশ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ সর্বোপরি তাদের মর্যাদা প্রতিষ্ঠা, নির্যাতন-সহিংসতা বন্ধ এবং ন্যায্য মজুরি, ক্ষতিপূরণ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিকে আইন করার দাবি জানান।

