নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল ২৪ বছরের পাকিস্তানি অত্যাচারের সংক্ষিপ্ত ইতিহাস এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সামগ্রিক নির্দেশনা।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আসন্ন যুদ্ধের সব প্রস্তুতির উল্লেখ ছিল এই ভাষণে। এই ভাষণে উজ্জীবিত হয়েই বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ভবিষ্যৎ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই নির্দেশ দিয়েছিলেন, ‘আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা সবকিছু বন্ধ করে দেবে।’ যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছিলেন। এই ভাষণে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় এবং অর্থনৈতিক মুক্তির কথাও উল্লেখ করেছিলেন। কারণ জাতির পিতা উপলব্ধি করেছিলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা পরিপূর্ণ হয় না।
বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, বলরাম পোদ্দার, এম এ করিম, আলহাজ নওশের আলী, নিয়াজ মুহাম্মদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

