নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে।
সোমবার সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘উনি কথা বলছেন। উনার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড সব বিবেচনা করে ঠিক করবেন লাইফ সাপোর্ট কখন খোলা হবে।’
হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুল কাদের রোববার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েয়েছেন, ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় আসছেন ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মাহবুব উল আলম হানিফ।
এরআগে রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেএসে ওবায়দুল কাদেরের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির পর ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়া। তার মধ্যে একটিতে রিং বসানো হয়।

