স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে লিওঁর মাঠে চলতি মৌসুমে লিগ ওয়ানে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছিল পিএসজি। সেই ধাক্কা সামলে রোববার বোর্দোকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
জয়ের রাতে পিএসজির জন্য দুসংবাদ হয়ে এসেছে এডিনসন কাভানির চোট। নিজেদের মাঠে ৪২ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটা করেছেন কাভানিই। এরপরই ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন উরুগুইয়ান স্ট্রাইকার।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কাভানির খেলা তাই অনিশ্চিত হয়ে পড়েছে। গত মাসের শেষ দিকে পায়ের মেটাটারসাল হাড় ভেঙে আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া নেইমারের পর কাভানির চোট পিএসজি কোচ টমাস টুখেলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
ম্যাচের পর কাভানির চোট নিয়ে পিএসজি কোচ বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে কোনো ভালো খবর নেই। সত্যি বলতে আমি জানি না কাভানি খেলতে পারবে কি না। এটা চিন্তার বিষয়। আমাদের যেমন আরেকজন নেইমার নেই, তেমনি আরেকজন কাভানিও নেই।’
২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে তারা।

