বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভ, শাহরিয়াজের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় ক্যারিয়ারের মাঝ পথে চলচ্চিত্রে তার চলার পথ অনেকটাই মলিন ছিল।
আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি ২০১৭ সালের ১৭ ফ্রেব্রুয়ারি মুক্তি পায়। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। দীর্ঘ বিরতির পর এবার মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘দাগ হৃদয়ে’ সিনেমাটি। আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। এ সিনেমা মুক্তির মাধ্যমে সিনেমায় আঁচলের জট খুলছে বলে অনেকে মনে করছেন।
তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়াও এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
‘দাগ’ শিরোনামে সিনেমাটির কাজ শুরু করেছিলেন নির্মাতা। তবে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘দাগ হৃদয়ে’। ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রফিকুজ্জামান। সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে। এগুলোর সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
এদিকে দীর্ঘ বিরতির পর আঁচল ‘রাগী’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। এছাড়া সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘প্রিয়জন প্রয়োজন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সর্বশেষ আঁচল ‘এক কোটি টাকা’ সিনেমায় অভিনয় করেন। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিজু আহমেদ, বাপ্পি চৌধুরী, শিরিন শিলাসহ অনেকে। সিনেমাটির শুটিং এখনো বাকি রয়েছে।

