বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক রোহিত ধাওয়ান নাম ঠিক না হওয়া একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমাটিতে তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। এবার শোনা যাচ্ছে, হৃতিকের পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোহিত ধাওয়ান পরিচালিত সিনেমাটিতে হৃতিকের পরিবর্তে সালমান খান অভিনয় করবেন। সালমান খান সিনেমাটির চিত্রনাট্য পড়ে পছন্দ করেছেন। এদিকে রোহিত ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে সালমান খানের খুব ভালো সম্পর্ক। এর আগে ডেভিড ধাওয়ানের বেশ কটি সিনেমায় কাজ করেছেন সালমান। তাই সিনেমাটিতে সালমানের অভিনয়ের বিষয়টি জোরালো হয়েছে।
একটি সূত্র এ বিষয়ে বলেন, ‘‘সালমান খান ‘কিক টু’ সিনেমার শুটিং শুরু করতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক চিত্রনাট্যের কাজ এখনো শেষ করতে পারেননি। এজন্য সালমান খান অন্য নতুন একটি সিনেমার কাজ হাতে নিবেন। পরিচালক রোহিত শেঠি ও রোহিত ধাওয়ান তাদের দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন সালমানকে। দুটি সিনেমার গল্পই তার পছন্দ হয়েছে। এখন সালমানের শুটিং শিডিউলের সঙ্গে যে পরিচালকের শুটিং শিডিউল মিলবে তার সিনেমাতেই অভিনয় করবেন এই অভিনেতা।’’
বর্তমানে ‘ভারত’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওড টু মাই ফাদার’ সিনেমা অবলম্বনে। দক্ষিণ কোরীয় সিনেমাটিতে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ‘ভারত’ সিনেমাটিতে ১৯৪৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে।
সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সালমান খান ছাড়াও ‘ভারত’ সিনেমায় অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। আগামী ৫ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

