বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইয়াশ রোহান। এরপর বছর পার হলেও নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এবার নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে পিয়া বিপাশাও অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার বিশ্বস্ত একটি সূত্র।
ইয়াশ-পিয়া বিপাশা ছাড়াও ‘জ্বিন’ সিনেমায় আরো অভিনয় করবেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি। হরর ঘরানার ‘জ্বিন’ সিনেমার শুটিং আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এখন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলে জানা যায়।
মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করছেন। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এদিকে ইয়াশ রোহান ‘স্বপ্নজাল’ সিনেমায় চিত্রনায়িকা পরীমনির বিপরীতে অভিনয় করেন।

