বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করছেন এই অভিনেত্রী। তার প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘পরী’। এতে একসঙ্গে অভিনয় করেন আনুশকা ও কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। গত বছরের মাঝামাঝি সময় মুক্তি পায় সিনেমাটি।
এবার শোনা যাচ্ছে, আনুশকা প্রযোজিত নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পরমব্রত। তবে এতে আনুশকা অভিনয় করবেন না। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘নাম ঠিক না হওয়া নতুন এ সিনেমা পরিচালনা করবেন অনভিতা দত্ত। জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সংলাপ লিখেছিলেন তিনি। পরমব্রত ছাড়াও এতে অভিনয় করবেন কঙ্কনা সেন শর্মা ও রাহুল বোস।’ তবে এ বিষয়ে আনুশকা কিংবা পরমব্রতর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
‘কাহানি’ সিনেমার মাধ্যমে বলিউডে পরমের যাত্রা শুরু। তারপর ‘ট্রাফিক’, ‘গ্যাং অব গোস্ট’ নামে হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে টলিউডেও জমিয়ে কাজ করছেন পরমব্রত চ্যাটার্জি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শাহজাহান রেজেন্সি’। মুক্তির অপেক্ষায় রয়েছে পরম অভিনীত ‘সাগরদ্বীপের যকের ধন’। এটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এছাড়া পরিচালক পরম নির্মাণ করছেন ‘খেলেছি আজগুবি’ সিনেমাটি।

