স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রেখেছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া দল বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে সমান পাঁচ উইকেট নিলেন স্টার্ক। তার বোলিং তান্ডবের ম্যাচে বড় ব্যবধানের জয়ে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
ক্যানবেরা টেস্টে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৫৩৪ রানে ইনিংস ঘোষণা দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে স্টার্কের বোলিং তোপে ২১৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩১৫ রানে এগিয়ে থেকে ৩ উইকেটে ১৯৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা দিলে ৫১৬ রানের বিশাল লক্ষ্য পায় লঙ্কানরা। সেই লক্ষ্যে খেলতে নেমে স্টার্কের বোলিংই সবর্নাশ হয় সফরকারীদের। মাত্র ১৪৯ রানে অলআউট হয় তারা। তাতে ৩৬৬ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
পুরো দশ উইকেট নিয়ে দলীয় ১৭ রানে আজ চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। অসম্ভব লক্ষ্য তাড়া করতে হলে অতিমানবীয় কিছু করতে হতো শ্রীলঙ্কাকে। কিন্তু অসি পেসারদের তোপে চতুর্থ ইনিংসে ১৫০ এর আগেই অলআউট হয়েছে দলটি। কোনও ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। বলার মতো কেবল কুশল মেন্ডিস ৪২, থিরিমান্নে ৩০ রানের ইনিংস খেলতে পেরেছেন। এছাড়া বাউন্সারে রিটায়ার্ড হওয়ায় কুশল পেরেরা শূন্য রানে বিদায় নিয়েছেন এই ইনিংসে।
স্টার্কের ৫ উইকেট শিকারে ৫১ ওভার স্থায়ী হয়েছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। চা পানের বিরতির আগে তারা অলআউট হয়েছে ১৪৯ রানে। ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। তার সঙ্গে ১৫ রানে তিন উইকেট নেন প্যাট কামিন্স। দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া স্টার্ক হয়েছেন ম্যাচসেরা। দুই ম্যাচ সিরিজে মোট ১৪ উইকেট নিয়ে প্যাট কামিন্স জেতেন সিরিজ সেরার পুরস্কার।

