স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের উইকেটে কঠিন ব্যাটিং পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে দুইশর আগে অলআউট করে চোয়ালবদ্ধ ব্যাটিংয়ে বড় লিডের পথে রয়েছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭২ রান করে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে জেসন হোল্ডারের দল। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার আগে ইংলিশদের বিপক্ষে ৮৫ রানের লিড পেয়েছে উইন্ডিজ শিবির।
পুরো দশ উইকেটের পুঁজি নিয়ে দলীয় ৩০ রানে গতকাল দ্বিতীয় দিনে নিজেদের ব্যাটিং শুরু করে উইন্ডিজ। দলের হয়ে কার্লোস ব্রাফেট ১১ ও ক্যাম্পবেল ১৬ রান নিয়ে ব্যাট করতে নামেন। উদ্বোধনী জুটিতেই তাদের কাছ থেকে আসে ৭০ রান। ব্রড ও অ্যান্ডারসনদের কঠিন পেস আক্রমণের মোকাবেলা করে দলের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন তারা।
উইন্ডিজের হয়ে গতকাল ব্যক্তিগত সর্বোচ্চ ৪৯ রান এসেছে ব্রাফেটের ব্যাট থেকে। ১৫৬ বলে উইকেটে ধৈর্যের পরিচয় দিয়ে তিন বাউন্ডারিতে এ ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪৭ রান আসে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। ওয়ানডাউনে নামা সাই হোপ করেন ৬৬ বলে ৪৪ রান।
এছাড়া হেটমায়ার ২১ ও শন দৌরিচ ৩১ রানে আউট হয়েছেন। ৩৩ রানে অপরাজিত রয়েছেন ডোয়াইন ব্রাভো। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া অধিনায়ক জেসন হোল্ডার। বল হাতে গতকাল তিন উইকেট পেয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। মঈন আলী পেয়েছে দুই উইকেট । এছাড়া একটি উইকেট নিয়েছেন বেন স্টোকস।

