স্পোর্টস ডেস্ক : ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের তারকা খেলোয়াড় এমারসনকে দলে পেতে চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। চলতি বছরের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেবেন তরুণ এ ডিফেন্ডার। তবে এর আগে মৌসুমের বাকিটা সময় লা লিগার আরেক ক্লাব রিয়াল বেতিসের হয়ে খেলবেন তিনি। বৃহস্পতিবার এমারসনের চুক্তির কথা নিশ্চিত করেছে বার্সা।
ব্রাজিলের ক্লাব আথলেটিকো মিনেইরো থেকে ন্যু ক্যাম্পে আসছেন এমারসন। এ তারকা ডিফেন্ডারকে দলে টানতে লা লিগা চ্যাম্পিয়নদের খরচ হচ্ছে ১২ মিলিয়ন ইউরো।
সেলসাওদের হয়ে অনূর্ধ্ব-২০ দলে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়া এমারসন মিনেইরোর হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। গ্রীষ্মের দলবদলেই ন্যু ক্যাম্পের ক্লাবটিতে দেখা যাবে ২০ বছর বয়সী এই রাইট ব্যাককে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বার্সা শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া পঞ্চম খেলোয়াড় এমারসন। এর আগে ধারে ভালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিও ও ঘানার আক্রমণাত্মক মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেংকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলে টানে তারা। এছাড়া ১ জুলাই নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ও তরুণ ফরাসি ডিফেন্ডার জঁ-ক্লেয়ার তোলিবো বার্সায় যোগ দেবেন।

