বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। ‘আবাহন’ শিরোনামের এই গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। কারণ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। নতুন বছরে এটিই পড়শীর প্রথম গান।
পড়শীর গাওয়া এ গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি। আজ শুক্রবার রাত ৮টায় এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে হাবিব ওয়াহিদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেয়া হবে।
গান প্রসঙ্গে সাবরিনা পড়শী বলেন, ‘আমার পছন্দের সংগীত পরিচালকদের একজন হাবিব ভাই। চলচ্চিত্রের জন্য তার সঙ্গে আগে গান গেয়েছি। সে গান চলচ্চিত্রের গল্প অনুযায়ী তৈরি করা হয়েছিল। কিন্তু এবারের গানটি শুধু আমার জন্যই বানিয়েছেন তিনি। এই গান দিয়েই আমার বছর শুরু হচ্ছে।’
২০১৫ সালে এস এ হক অলীক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী-হাবিব। ‘মনের দুয়ার’ শিরোনামের গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মেলান শাকিব খান ও পরীমনি।

