স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টেস্টেও ভালো সূচনা পায়নি সফরকারী ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৬১ ওভারে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
জবাবে ২১ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলে প্রথম দিন শেষ করেছে উইন্ডিজ। ইংল্যান্ডের চেয়ে এখনো ১৫৭ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। ২১ ওভার বল করেও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট ও জন ক্যাম্পবেলকে বিভ্রান্ত করতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। তারা দুজন যথাক্রমে ১১ ও ১৬ রানে অপরাজিত আছেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধ গড়েন জনি বেয়ারস্টো, মঈন আলী ও বেন ফকস। তাদের ব্যাটে ভর করে ইংল্যান্ড ৯৩ রান থেকে ১৭৮ পর্যন্ত যায়। সেখান থেকে মাত্র ৯ রানে শেষ চার উইকেট হারায় ইংলিশরা। তাতে ১৮৭ রানেই গুটিয়ে যায় রুটবাহিনীর প্রথম ইনিংস।
ব্যাট হাতে ইংল্যান্ডের মঈন আলী সর্বোচ্চ ৬০ রান করেন। ৫২ রান করেন বেয়ারস্টো। আর ৩৫টি রান আসে বেন ফকসের ব্যাট থেকে। ১৪ রান করেন বেন স্টোকস। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
বল হাতে এই ইনিংসে ইংল্যান্ডকে ভুগিয়েছেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও আলঝারি জোসেফ। রোচ ৪টি, গ্যাব্রিয়েল ৩টি ও জোসেফ নেন ২টি উইকেট। অপর উইকেটটি নেন জ্যাসন হোল্ডার।
প্রথম টেস্টের প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ তারা হার মেনেছিল ৩৮১ রানের বড় ব্যবধানে। তিন ম্যাচ টেস্ট সিরিজে সমতা ফেরাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে।

