কুষ্টিয়া সংবাদদাতা : আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে এক যোগে সারা দেশে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু যশোর বোর্ডে এই প্রথম ওই দিন রাতে অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার কুমারখালীর ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট’ সম্প্রদায়ের রিকি হালদারের পরীক্ষা।
যশোর শিক্ষাবোর্ডের প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রিকি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
রিকি ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট’ সম্প্রদায়ের মানুষ। তাদের ধর্মীয় বিধানে রয়েছে- শনিবার দিনের বেলায় কিছু লেখা যাবে না। এবার এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী ০২, ০৯, ১৬ ও ২৩ ফেব্রুয়ারি শনিবার যথাক্রমে বাংলা প্রথমপত্র, গণিত, রসায়ন ও উচ্চতর গণিত পরীক্ষা নির্ধারিত আছে। ধর্মীয় বিধানে নিষেধাজ্ঞা থাকায় দিনের পরিবর্তে রাতে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি চেয়ে যশোর শিক্ষাবোর্ডে আবেদন করে রিকি।
তার আবেদনের প্রেক্ষিতে ধর্মীয় বিধিবিধানের বিষয়টি আমলে নিয়ে আগামীকালের বাংলা প্রথমপত্র পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষাবোর্ড। পরবর্তী যেসব পরীক্ষা শনিবার পড়বে, সেসব পরীক্ষার ক্ষেত্রেও রিকি একই সুবিধা পাবে।
তবে তাকে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর অপেক্ষা করতে হবে বোর্ড নির্ধারিত সময় পর্যন্ত। এ সময়ের মধ্যে পরীক্ষা কক্ষের বাইরে বের হওয়া যাবে না এবং কারো সঙ্গে যোগাযোগ করা যাবে না। এ সময় বোর্ডের পক্ষ থেকে তাকে খাবার ও পানি সরবরাহ ও শৌচাগার ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, রাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক ও পুলিশসহ দায়িত্বশীল সকলে দায়িত্ব পালন করবেন।

