ঢাকাSunday , 27 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমা বিষয়ে করা রিট খারিজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা বিষয়ে করা রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শুনানিতে বিশ্ব ইজতেমার সময়সূচি বিষয়ে উভয়পক্ষের সমঝোতা এবং সরকারের সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করায় এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ২২ জানুয়ারি মঙ্গলবার রিটের শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। ২১ জানুয়ারি সোমবার হাইকোর্টের একই বেঞ্চে রিটটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস মোল্লা।
২২ তারিখ আদালতের শুনানির এক পর্যায়ে আদালত রিটকারী পক্ষের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেরা দুই ভাগে বিভক্ত হলে দ্বীনের প্রচার করবেন কীভাবে? নিজেদের মধ্যে মারামারি করবেন আবার ইজতেমা পালনের জন্য আদালতে রিট দায়ের করবেন, এটা লজ্জার। আগে নিজেরা সংশোধন হন, সুস্থ হন এবং নিজেদের মধ্যকার বিভেদ নিরসন করুন। তারপরই আপনাদের আবেদন শুনবো।’
এরপর রিটকারীর আইনজীবী শাহ মো. নুরুল আমিন আদালতকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চলছে। তবে দ্বন্দ্ব নিরসন সম্ভব না হলে সরকার দুই পক্ষকে আলাদা আলাদাভাবে ইজতেমা পালনের যে নির্দেশনা দিয়েছেন তাই পালন করা হবে।’
এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদালতকে জানান, বিশ্ব ইজতেমা নিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভার দিন নির্ধারণ রয়েছে। ইজতেমার বিষয় সেখান থেকে সুস্পষ্ট নির্দেশনা আসতে পারে।’
রাষ্ট্রপক্ষের ওই শুনানির পর মামলাটির পরবর্তী শুনানি ও শুনানি শেষে আদেশের জন্য ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করেন হাইকোর্ট। রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়।