নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বা আবেদন করার বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতারা বলেন, দশম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় পরপর তিনবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আগামী ৩০ তারিখ জাতীয় সংসদের অধিবেশনে যেন তা পাস করা হয়।
সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা দীর্ঘ ৭ বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি সম্পূর্ণ অসহিংস পদ্ধতিতে। আমরা ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি সাথে দেখা করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী অতি শিগগিরই আমাদের এই দাবি মেনে নিয়ে আবারো প্রমাণ করে দেবে যে, বাংলাদেশে এখনো অহিংস পদ্ধতিতে দাবি আদায় করা সম্ভব।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নূর রশিদ বলেন, আমরা ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছি। প্রতিমন্ত্রী আমাদের বলেছেন, তোমাদের দাবির যৌক্তিক এবং দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন।
মানববন্ধনে অন্য বক্তারা বলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের মা, আপনি আপনার সন্তানদের দেখুন। আমাদের দাবিগুলো মেনে নিন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিজিত শিহাব উদ্দীন, ইউসুফ জামিল হোসেন, মারজুক হোসেন, বশিরুল ইসলাম প্রমূখ।

