আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিপর্যস্ত করতে তার সরকারের রাজস্ব প্রবাহ বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র। এর জন্য দেশটির তেল বিক্রির অর্থ যাতে মাদুরো সরকার না পায় তা নিশ্চিত করতে চাইছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত কয়েক বছর ধরেই মাদুরো সরকার অর্থ সংকটে ভুগছে। আর এ কারণে দেশটিতে মুদ্রাস্ফিতি, বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ফলে প্রতিনিয়ত বিরোধীদের বিক্ষোভ সামাল দিতে হচ্ছে মাদুরো সরকার। যুক্তরাষ্ট্রের নতুন এই ঘোষণা এটাই ইঙ্গিত দিচ্ছে, মাদুরো সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন প্রচলিত কূটনৈতিক ব্যবস্থার পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বরং অর্থ সংগ্রহের মূল উৎস তেল বিক্রি থেকে অর্জিত আয় বন্ধ করে দিয়ে সেই অর্থ বিরোধী দলীয় নেতা স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে সরবরাহের মাধ্যমে মাদুরো সরকারকে চরমভাবে বিপর্যস্ত করত চায় যুক্তরাষ্ট্র।
বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ সমাবেশে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশের অস্থায়ী নেতা হিসেবে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা ইতিমধ্যে গুইদোকে স্বীকৃতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টন বলেছেন,‘আমরা অবৈধ মাদুরো সরকারের রাজস্ব সংগ্রহের উৎস বিচ্ছিন্ন করার প্রতি মনোযোগ দিচ্ছি।’
এই অর্থ যাতে গুইদোর ‘বৈধ সরকারের’ হাতে যায় তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অবিচল থাকার কথা ভাবছি এবং ওই রাজস্ব বৈধ সরকারের হাতে যাওয়া উচিৎ।’

